
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সময় কোথাও কোথাও উত্তেজনা বা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তবে তা যেন প্রতিহিংসা বা প্রতিশোধের রূপ না নেয়।
তিনি স্পষ্ট করে বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। দলমত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ গ্রহণযোগ্য নয়।
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারি দল বা বিরোধী দল সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। বিধিবদ্ধ নিয়ম অনুসারেই আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
নির্বাচন-পরবর্তী সময়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, এই বিজয় জনগণের এবং গণতন্ত্রের।



























