
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শহীদ আবু সাঈদকে জুলাই আন্দোলনের শহীদদের ইমাম এবং জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। ললললল
কবর জিয়ারত শেষে আবেগঘন কণ্ঠে নাহিদ ইসলাম বলেন:
“আজ সেই ঐতিহাসিক দিন। ২০২৪ সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্র আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে তৎকালীন স্বৈরাচারী হাসিনার দমন নীতির বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে বীরদর্পে দাঁড়িয়েছিলেন।
বুলেট বুকে নিয়ে তার এই শাহাদাত বরণের মধ্য দিয়েই মূলত গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে চূড়ান্ত বিপ্লবের যাত্রা শুরু হয়। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, এই জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব এবং আমাদের সবার পূর্বসূরী।”
তিনি আরও বলেন, মুক্তির মন্দির সোপানতলে যে হাজারো প্রাণ অকাতরে বিলিয়ে দেওয়া হয়েছে, তার অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। জিয়ারতকালে তারা আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে তিনি শহীদ মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফাইয়াজ, নাঈমা সুলতানা, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়াসহ আন্দোলনের সকল শহীদ এবং আহত ৩০ হাজার ভাই-বোনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে আন্দোলনে সংহতি জানানো শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, প্রবাসী ও সাধারণ ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“শুধু শ্রদ্ধা নয়, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে”
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, শহীদদের শুধু স্মরণ আর শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। উত্তরসূরি হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের মূল এজেন্ডা ছিল তিনটি—বিচার, সংস্কার এবং নির্বাচন। দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ এখনো কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার পায়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনো কার্যকর করা হয়নি। দ্রুত আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করার জন্য তিনি জোর দাবি জানান। এ সময় তিনি আরও বলেন, এই মামলার অন্যতম আসামি শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করতে হবে।
কবর জিয়ারত শেষে এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
জিয়ারত ও মতবিনিময় সভায় নাহিদ ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন: আখতার হোসেন (সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি) সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক) নাসির উদ্দিন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক) ড. আতিক মুজাহিদ (যুগ্ম আহ্বায়ক) সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।




























