
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির কারণে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।
সংসদে বক্তব্য রাখার সময় শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এই ভুলের জন্য পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের এই ত্রুটির ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে।
প্রশ্ন মডারেশনের প্রক্রিয়াটি অন্তত দুই বছর আগে থেকে শুরু করতে হয় বলে এই প্রশ্নগুলো বিগত সরকারের আমলের মডারেটরদের দ্বারা প্রণীত ছিল। এরপরেও শিক্ষার্থীদের স্বার্থে সরকার দ্রুত এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।




























