
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায় আবারও করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি অসুস্থ হয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি শুরু করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে, আর বাকি নমুনার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে জেলায় মোট আটজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসের ধরন ও সংক্রমণের প্রকৃতি শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত গবেষণাগারে পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা আক্রান্ত এলাকায় দ্রুত স্বাস্থ্যবিধি কার্যকর, জনসচেতনতা বৃদ্ধি, জীবাণুনাশক ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত পরীক্ষা এবং প্রয়োজনে আইসোলেশনে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় জেলার হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা, অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার, জনসমাগমে মাস্ক ব্যবহারের, হাত পরিষ্কার রাখার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান
জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সূত্র: এনডিটিভি।




























