
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি হাস্যরসাত্মক মন্তব্য করে উপস্থিত সবার মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করেন।
মতবিনিময় পর্বে এক অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্য খাত নিয়ে তার ভাবনার কথা জানতে চান। জবাবে পাশে বসে থাকা তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে অডিটোরিয়ামে উপস্থিত চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
এরপর প্রশ্নকারী বলেন, ডা. জুবাইদা রহমান যদি স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখেন, তাহলে সেটি সবার জন্য ইতিবাচক হবে বলে তারা মনে করেন।
এর আগে শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























