
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূর্ববর্তী সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে এবং প্রাণহানির ঘটনাও বেড়েছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
রিজভীর অভিযোগ, হাওর অঞ্চলে পরিকল্পনাহীন সড়ক নির্মাণের ফলে প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে দীর্ঘমেয়াদে পরিবেশের ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা রামপাল বিদ্যুৎকেন্দ্রও পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তার ভাষ্য, এসব প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত প্রভাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দল সারা দেশে শোক কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।
এ সময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।




























