
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। সর্বশেষ হাসপাতালে চিকিৎসাধীন এক ৯৩ বছর বয়সী ব্রিটিশ নারীর মৃত্যু হওয়ার পর হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তিনি আগুনে দগ্ধ হওয়ার পাশাপাশি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দাবানলে লস গাইয়ারদোস পৌর এলাকার ৭ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনের বিস্তার রোধে দমকল ও উদ্ধারকর্মীরা কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও বেলজিয়ামের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় তাদের খোঁজে যৌথ অভিযান চলছে। একই সঙ্গে বিদেশে থাকা স্বজনদের কাছ থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেলজিয়াম সরকারের ধারণা, নিহতদের মধ্যে অন্তত তিনজন তাদের দেশের নাগরিক হতে পারেন। তাদের একজন ব্যবসায়ী স্তানিসলাস ভারদঙ্কট। তার পরিবারের অভিযোগ, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয় বাসিন্দারা সময়মতো সতর্কবার্তা পাননি। তবে আঞ্চলিক প্রশাসনের দাবি, স্থানীয় মেয়র আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
রোববার আন্দালুসিয়ার প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং নতুন করে বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় নিরাপদ বিবেচিত এলাকাগুলোতে সরিয়ে নেওয়া এক হাজারের বেশি বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।




























