
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (২১ জুন) রাতে রাসলাফফান গ্যাসক্ষেত্রে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প বা সামরিক হামলা বলে মনে করেছিলেন।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাসক্ষেত্রের ভেতরে একটি কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে।
সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া



























