
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জনের বেশি শ্রমিক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পুরোনো একটি এলএনজিবাহী জাহাজ ভাঙার কাজ চলছিল সেখানে। জাহাজের ভেতরের একটি বদ্ধ কক্ষে কয়েকজন শ্রমিক প্রবেশ করার পর হঠাৎ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া শ্রমিকদের মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে নাসির উদ্দিন ও মনসুর আহমদ সম্পর্কে দুই ভাই। তারা সেকান্দর মিয়ার ছেলে। এছাড়া সানি জলদাশ, পলাশ জলদাশ, মো. খোকন ও মো. রানা নামে আরও কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনাটি নিয়ে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিষাক্ত গ্যাস লিকেজ থেকেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, জাহাজের বদ্ধ কক্ষে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে সেখানে প্রবেশ করা শ্রমিকরা মারাত্মকভাবে আক্রান্ত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ কী এবং জাহাজের বদ্ধ কক্ষে কী ধরনের বিষাক্ত গ্যাস ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শিপইয়ার্ড কর্তৃপক্ষও ঘটনার কারণ তদন্ত করে দেখার কথা জানিয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিপইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং বদ্ধ স্থানে প্রবেশের আগে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।




























