
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠারে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১ জুলাই) দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে কোনো নাগরিককে বাদ দেওয়া হবে না। ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটে।
তিনি আরও বলেন, শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সবাইকে দেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।
সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন ডা. জাহিদ হোসেন। তার দাবি, সরকারের উন্নয়নের সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখতে শুরু করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই চেতনাকে ধারণ করেই সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের মধ্যে একটি করে গরু ও একটি করে ছাগল বিতরণ করা হয়। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।




























