
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী শনিবার (১৩ জুন) থেকে কম দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
গত ১১ জুন বাজুস স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।




























