
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জোর দিয়ে বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো অমীমাংসিত দ্বিপক্ষীয় সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তাঁর স্ত্রী কেট জারো খানের বাসভবনে আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।
দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সম্ভাবনার কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি খুবই আশাবাদী। বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু ভৌগোলিক সীমান্ত ভাগাভাগি করে না, একই সাথে একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বিভিন্ন দ্বিপক্ষীয় চ্যালেঞ্জের কথা স্বীকার করে তিনি বলেন, “আমরা দুটি সার্বভৌম প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে কিছু চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, চ্যালেঞ্জ না থাকলে সেটা গণতন্ত্র হয় না। গণতন্ত্রে বিতর্ক, মতপার্থক্য ও যুক্তি-তর্ক থাকবেই, আর এই আলোচনার মধ্যেই সমাধানের পথ লুকিয়ে থাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হাইকমিশনার আরও বলেন, “দুই দেশের প্রধানই নিজ নিজ জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং তাদের কল্যাণেই কাজ করছেন। এমন দুজন দূরদর্শী নেতা যখন দ্বিপক্ষীয় বৈঠকে বসে আলোচনা করবেন, তখন এমন কোনো জটিল সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়।
তিনি আশা প্রকাশ করেন, শীর্ষ নেতাদের এই নিয়মিত যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে।




























