
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে আটক করেছে। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালতের নির্দেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দিয়েছিলেন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়।
মামলার নথি অনুযায়ী, পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।





























