
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সাব্বির খান রাব্বি বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার জাদুরকাঠী গ্রামে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে কিশোরীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, সে প্রায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা। পরে কিশোরীর বক্তব্যের ভিত্তিতে অভিযুক্ত হিসেবে সাব্বির খানের নাম উঠে আসে।
ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এদিকে, নির্যাতনের শিকার কিশোরীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবাধিকার সংগঠন ‘বিচার ফাউন্ডেশন’। সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন জানান, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



























