
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: : বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে। শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তা দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী— এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নুর।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। মূল লক্ষ্য হচ্ছে, যারা বিদেশে পড়তে যেতে চান কিন্তু আর্থিক কারণে ব্যাংক গ্যারান্টি দেখাতে পারেন না, তাদের সহায়তা করা।
বৈঠকে বিদেশে শ্রমবাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও ভবিষ্যতে পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশে ভালো চাকরি পেতে তৃতীয় ভাষা শেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভাষাজ্ঞানের অভাবেই অনেক শ্রমিক কম আয়ের কাজে সীমাবদ্ধ থাকেন।
এছাড়া জাপানসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বাড়ানো, ইউরোপে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশেই কনস্যুলার সেবা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আরও বেশি করে জনগণের সামনে তুলে ধরার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি অভিবাসন ব্যয় নির্ধারণ ও বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে বৈঠকে।





























