
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের কঠোর আর্থিক নীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৭৮ ডলারে নেমে আসে।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৪ ডলারে দাঁড়ায়।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন রয়টার্সকে বলেন, বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৪০০ ডলারের মধ্যে ওঠানামা করছে।
বিশ্লেষকদের মতে, ফেড কর্মকর্তাদের বক্তব্য, সুদের হার, বন্ডের আয় এবং তেলের দামের ওঠানামা স্বল্পমেয়াদে সোনার বাজারে বড় প্রভাব ফেলছে।
সম্প্রতি ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে। চলতি বছর শেষ হওয়ার আগে আরও এক দফা সুদ বাড়ানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।
সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার সুযোগ থাকা খাতে অর্থ সরিয়ে নেন। এতে সোনার চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হতে পারে।
এদিকে শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩৯ ডলারে নেমেছে।
প্ল্যাটিনামের দামও ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৯৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২৮৫ দশমিক ১৯৬৫ ডলার।
সূত্র: রয়টার্স

























