
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ বছর ৬ মাস বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি অঙ্গীকার করেন, মেয়ের বয়স পূর্ণ হওয়ার আগে আর বিয়ে দেবেন না।
এদিকে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এমন অভিযান নিয়মিত চলবে।





























