
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি বলেছেন, বিদ্যুতের ঘাটতির কারণে তার এলাকার শিক্ষাব্যবস্থা, চিকিৎসাসেবা এবং সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আইউবী বলেন, বিদ্যুৎ না থাকায় শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না এবং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ধরনের বাধার মুখে পড়ছে।
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সেচ কার্যক্রমও ভেঙে পড়েছে, যা কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আরও বড় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
এদিকে একই বক্তব্যে কাপাসিয়ার ধাধারচর এলাকার পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এলাকাটিকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করে পর্যটন উন্নয়নে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।




























