
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সেই বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে।
দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনা উচিত। তার মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হওয়ায় নেতানিয়াহুর বিচার হেগেই হওয়া উচিত।
মামদানি বলেন, নিউইয়র্ক সিটির আইন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করছেন, যাতে বোঝা যায় বিদ্যমান আইনের আওতায় সিটির কী ধরনের ক্ষমতা রয়েছে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য পরিচিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই রাজনীতিক মেয়র নির্বাচনি প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আইনি সক্ষমতা নিয়ে তখন থেকেই বিতর্ক রয়েছে।
সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, নিউইয়র্ক সিটির আইন যতটুকু ক্ষমতা দেয়, প্রশাসন ততটুকুই করবে। এ উদ্দেশ্যে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা নেই।
সূত্র: The New York Times


























