
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। হামলায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় এ হামলা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহমাদ ইয়াসিন মসজিদের সামনে একটি জানাজার শোভাযাত্রা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন স্থানীয়রা। এ সময় একটি ইসরাইলি ড্রোন হামলা চালালে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। তারা এর আগে পৃথক এক হামলায় নিহত একজন ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন।
ইসরাইলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্য গাজায় একটি “সশস্ত্র গোষ্ঠীকে” লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল। তবে এতে বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি করেছে তারা।
অন্যদিকে হামাস এই হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইল ধারাবাহিকভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
একই দিনে উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি স্কুলের কাছে ড্রোন হামলায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়া আজ-জাওয়াইদা, আল-সাওয়ারহা, গাজা সিটি ও খান ইউনিসের বিভিন্ন এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছেন।
গবেষণা সংস্থা Armed Conflict Location & Event Data (ACLED)–এর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পরও সাম্প্রতিক মাসগুলোতে গাজায় হামলার সংখ্যা বেড়েছে। একই সময়ে ইসরাইলি দৈনিক হারেটজ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ২৭৪ শিশু নিহত হয়েছে, যা গড়ে প্রতিদিন একজন শিশুর মৃত্যুর সমান।
সূত্র: আল জাজিরা


























