
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতির খবর প্রকাশের পর মঙ্গলবার (১৬ জুন) টানা চতুর্থ দিনের মতো মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণবাজারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৪ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৫ ডলারে দাঁড়িয়েছে।
বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তও স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অর্থনীতিবিদদের মতে, বিশ্বে রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি এবং সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তনের কারণে বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির প্রবণতা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স




























