
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের পুনরুত্থান নতুন কোনো ঘটনা নয়, বরং অনেক আগেই এর ভিত্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে দেওয়া ওই বক্তব্যে তিনি দাবি করেন, দেশে যখন আইনের শাসনের পরিবর্তে বিশৃঙ্খল পরিস্থিতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং সহিংস আচরণকে স্বাভাবিকভাবে দেখা হয়েছে, তখন থেকেই আওয়ামী লীগের ফিরে আসার পরিবেশ তৈরি হতে শুরু করে।
মাহফুজ আলম বলেন, রাজনৈতিক বিভাজন, সাংস্কৃতিক অস্থিরতা এবং ভিন্নমতের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। তার মতে, এসব ঘটনার সুযোগ নিয়েই আওয়ামী লীগ আবারও নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ও পরিবর্তনের নামে অনেক ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বরং বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা বেড়েছে।
শিক্ষাঙ্গন, সংস্কৃতি ও গণমাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহফুজ আলম। তিনি বলেন, মতপ্রকাশের সুস্থ পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে এবং বিভাজনের রাজনীতি বাড়তে থাকলে তা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
পোস্টের শেষদিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত সব দায় হয়তো তার ওপরই চাপানো হবে।



























