
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের গাছা এলাকায় স্থানীয় ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা এবং স্থানীয়রা দাবি করেছেন, ঘটনার সঙ্গে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলু-এর নেতৃত্বে ৭০–৮০ জন নেতাকর্মী বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে দোকানে ভাঙচুর চালায় এবং পরে পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। অভিযোগ আছে, হামলার সময় দলীয় চেয়্যারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ছবি ভাঙচুর করা হয়। এছাড়া প্রায় ৭ লাখ টাকা নগদ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়।
ভুক্তভোগী শাহীন মিয়া জানান, তিনি প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। ব্যবসা নিয়ন্ত্রণে চাপ সৃষ্টি করায় প্রথমে দোকানে হামলা চালানো হয়, পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে বিষয়টি ব্যবসা সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত বলে দেখা যাচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।




























