
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে পৌঁছেছে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ ইরানের পবিত্র শহর মাশহাদে নেওয়া হচ্ছে। আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় আয়াতুল্লাহ আলি খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের নিকট সমাহিত করা হয়। সেই ইচ্ছা বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার নাজাফ থেকে মরদেহ কারবালায় পৌঁছালে লাখো শোকাহত মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান। প্রেস টিভির তথ্যমতে, কারবালার শোক মিছিলে ৪০ লাখের বেশি মানুষ অংশ নেন। এর আগে নাজাফেও প্রায় ৩৮ লাখ মানুষ তাকে শেষ বিদায় জানান।
রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে মাশহাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা এবং অসংখ্য শোকাহত মানুষ দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছেন।
বিশ্লেষকদের মতে, এই বিশাল রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান শুধু একজন নেতার বিদায় নয়, বরং সাম্প্রতিক যুদ্ধ-পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংহতির বার্তা দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
সূত্র: আল-জাজিরা, প্রেস টিভি।



























