
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭১ জন সংসদ সদস্য ও হাউস অব লর্ডসের সদস্য।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিবের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা এই আহ্বান জানান। চিঠির নেতৃত্ব দেন লেবার পার্টির এমপি নিল ডানকান জর্ডান।
চিঠিতে দাবি করা হয়, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের দায় ইসরাইল সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের ওপর বর্তায়। আইনপ্রণেতারা ইসরাইলে দায়মুক্তির সংস্কৃতি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
এতে জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের উল্লেখ করে ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্যাতনের অভিযোগের বিষয়ও তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দেখা করার পূর্ণ সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, বন্দিদের প্রতি যেকোনো ধরনের নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান জানিয়ে সব বন্দির সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।



























