
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাভারের চামড়া শিল্প নগরীতে ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পুরোদমে চলছে। এ সময় চামড়া শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শুক্রবার শিল্প নগরী পরিদর্শনকালে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা ও পরিবেশসম্মত উৎপাদন নিশ্চিত করা গেলে দেশের চামড়া শিল্প বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় করতে সক্ষম হবে।
মন্ত্রী জানান, অতীতে বিভিন্ন ব্যবস্থাপনা ত্রুটির কারণে চামড়া শিল্প প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশেষ করে শিল্প স্থানান্তরের পর অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে উদ্যোক্তাদের কারিগরি ও নীতিগত সহায়তাও দেওয়া হবে।
এদিকে ঈদের চামড়া সংগ্রহকে কেন্দ্র করে সাভারের শিল্প নগরীতে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে ট্রাকভর্তি কাঁচা চামড়া আসছে এবং শ্রমিকরা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রাথমিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশের চামড়া শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় খাতে পরিণত হতে পারে।



























