
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ও রাজশাহীর কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। এ কারণে বুধবার সকাল থেকে নির্দিষ্ট কিছু এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর কিছু অংশ, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের অতিরিক্ত চাপ কমাতে এবং ভবিষ্যতে আরও স্থিতিশীল সেবা দিতে নতুন ফিডার নির্মাণ ও লোড বিভাজনের কাজ করা হচ্ছে। এজন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
অন্যদিকে রাজশাহীতেও গাছের শাখা-প্রশাখা কাটাসহ লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকা।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




























