
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তোবগে গত শুক্রবারের ভূমিকম্পে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
সংক্ষিপ্ত বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে একটি অস্থায়ী স্যালুটিং ডাইসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বন্দুকের স্যালুট এবং গার্ড অফ অনার প্রদান করা হয়।
এরপর বিমানবন্দর অনুষ্ঠান শেষ করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিকাল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত এক ভোজসভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।





























