
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সময়ে অপরিশোধিত তেলের দামে কিছুটা কমার প্রবণতা দেখা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪২ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আগস্ট সরবরাহের মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে এখনো স্বর্ণে বিনিয়োগ করছেন। তাদের ধারণা, ৪ হাজার ডলারের ওপরে স্বর্ণের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে ইয়েমেনের হুথিদের নতুন হুমকি এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আবার তীব্র হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন রূপার দাম ২.২ শতাংশ, প্লাটিনামের দাম ০.৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দামও ০.৮ শতাংশ বেড়েছে।
সূত্র: Reuters




























