
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করা হচ্ছে না। তবে নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মো. আবদুস সালাম।
সোমবার (১ জুন) নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকার পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে রিকশা, ভ্যান ও অটোরিকশার জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। এতে চালকদের পরিচয় সংরক্ষণ এবং যানবাহন পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
তিনি জানান, রাজধানীতে যে কেউ এসে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালালে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। তাই নির্দিষ্ট এলাকার চালকদের নিজ নিজ এলাকায় পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে চালকদের মতামত নিয়ে নিরাপদ সমাধান খুঁজে বের করার কথা জানান তিনি।
এছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থার মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতে রিকশা ও অটোরিকশা ব্যবস্থাপনাতেও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

























