
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, চলতি বছর কোনো প্রতিষ্ঠানে শূন্য পাস হলেও তাৎক্ষণিকভাবে এমপিও বাতিল করা হবে না। তবে এই সুবিধা স্থায়ী নয়, এক বছরের জন্য ‘গ্রেস পিরিয়ড’ দেওয়া হচ্ছে, এরপরই নেওয়া হবে কঠোর সিদ্ধান্ত।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাওয়ায় এবং ফলাফল শূন্যের কোঠায় নামায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তাই আপাতত এক বছর সময় দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু আগামী বছরও যদি একই অবস্থা থাকে, তাহলে এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অতীতে ২০০১ সালেও এমন পরিস্থিতিতে একই ধরনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবারও সেই সুযোগের অপব্যবহার হলে কোনো ছাড় দেওয়া হবে না।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান শূন্য পাস করলে তার কারণও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সেই অভিজ্ঞতা জনসম্মুখে তুলে ধরা হবে, যাতে অন্যরা সতর্ক হয়।
কোচিং সেন্টার নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। তার মতে, দেশের বিভিন্ন জায়গায় অনিয়ন্ত্রিতভাবে কোচিং সেন্টার গড়ে উঠেছে, যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হবে। প্রয়োজনে আইনি কাঠামোর মধ্যেই এসব প্রতিষ্ঠানকে আনা হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা বা কোচিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, তবে তা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হতে হবে। পাশাপাশি ক্লাসরুম কার্যক্রমে নজরদারি বাড়াতে ভিডিও রেকর্ডিং ব্যবস্থাও কার্যকর করা হতে পারে।
সভায় বক্তারা নকল প্রতিরোধ, শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।




























