
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যশোরের শার্শায় ঐতিহাসিক উলসী–যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত অলস বসিয়ে রাখলে চলবে না, এই বিশাল শক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে।
সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকা খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বাড়বে, পানি নিষ্কাশন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং হাজারো মানুষ এর সুফল পাবেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। একই সঙ্গে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘এলপিজি কার্ড’ চালুর কথাও পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও জানান, মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেধাবীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। কৃষকদের সহায়তায় কৃষিঋণ মওকুফ এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ চলছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।
দেশের বর্তমান প্রেক্ষাপটে ষড়যন্ত্র ও বিভ্রান্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে কিছু মহল অপচেষ্টা চালাচ্ছে। এসবের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।




























