
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের শাহরাস্তিতে এক অদ্ভুত ও আলোচিত ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক বিরোধ। নিজের স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং এর কারণে সংসারে অশান্তি বাড়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার রায়েশ এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় এই অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে তিনি বারবার স্বামীকে মুখ ও দাঁত পরিষ্কার রাখার অনুরোধ করেন। তবে অভিযোগ অনুযায়ী, এসব কথা বলাকে কেন্দ্র করে স্বামী অনেক সময় ক্ষিপ্ত হয়ে গালাগাল এবং মারধর করেন।
তিনি আরও জানান, এই সমস্যা নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং স্বামীর আচরণের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি থানায় লিখিত আবেদন জানান।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























