
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নীলফামারীর ডোমারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে পড়ে দুমড়েমুচড়ে গেছে। এ সময় বাসের পাশে চলা একটি অটোরিকশাও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার আঞ্চলিক মহাসড়কের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায় এবং পাশ দিয়ে চলা অটোরিকশাটিও ছিটকে খাদে পড়ে।
দুর্ঘটনায় বাস ও অটোরিকশার যাত্রীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার পর যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট যানবাহনগুলো থানায় রাখা হয়েছে।






























