
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার তিন মাসব্যাপী সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ সুনামগঞ্জসহ হাওর অঞ্চলে বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে কৃষকদের সহায়তার দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে আগেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষকদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কষ্টকর ও উদ্বেগজনক। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সুনামগঞ্জসহ হাওর এলাকার পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।
সরকারের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।




























