
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার মূল কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংবাদ সম্মেলনে মূল বিষয় এড়িয়ে অনেক সাংবাদিক চাটুকারিতায় ব্যস্ত ছিলেন, যা শেষ পর্যন্ত একনায়কতন্ত্রকে ত্বরান্বিত করেছে।
রোববার (২ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, “সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার প্রধান শক্তি। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে পক্ষপাতহীন ও সৎ সাংবাদিকতার বড় অভাব দেখা যাচ্ছে। দলবাজি, তথ্যসন্ত্রাস এবং স্বার্থনির্ভর সাংবাদিকতা পুরো পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করছে। কোনো দল, গোষ্ঠী বা সরকারের কাছে নয়, গণমাধ্যমের একমাত্র দায়বদ্ধতা হতে হবে দেশের জনগণের কাছে।
তিনি আরও উল্লেখ করেন, “অতীতের সংবাদ সম্মেলনগুলোতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুম-খুন ও জনগণের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন না করে অনেক দালাল সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন। ফলে সংবাদ সম্মেলনগুলো রূপ নিয়েছিল সংবর্ধনা সভায়। সাংবাদিকদের এই চাটুকারিতাই শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাফ্যাসিস্টে রূপান্তর করতে বড় ভূমিকা রেখেছিল।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।



























