
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী উত্তরার টিএফআই সেল অর্থাৎ বহুল আলোচিত র্যাবের গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও অবৈধভাবে আটকে রাখা হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীদের সাথে নিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাব-১ কার্যালয়ের গোপন টিএফআই সেল সরেজমিনে বিচারিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।
পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে চিফ প্রসিকিউটর বলেন, “র্যাব-১ এর এই বন্দিশালায় মোট ২২টি ছোট-বড় স্যাঁতসেঁতে কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি ঘর এতটাই অপ্রশস্ত যে একজন মানুষের স্বাভাবিকভাবে শুয়ে থাকাও সেখানে অসম্ভব। এখানে ভুক্তভোগীদের চোখ ও হাত বেঁধে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর আটকে রেখে চরম নির্যাতন চালানো হতো।”
তিনি আরও জানান, তদন্তের প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই আয়নাঘরে আটকে রেখে পরবর্তীতে সীমান্ত পার করে ভারতে ফেলে আসা হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমানসহ বহু গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা নির্দিষ্ট কক্ষগুলো শনাক্ত করেছে তদন্তকারী টিম। এখনো বিএনপির সাবেক শীর্ষ নেতা এম ইলিয়াস আলীসহ প্রায় আড়াই শতাধিক গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি বলেও জানান তিনি।
আইনগত দিক ব্যাখ্যা করে এডভোকেট আমিনুল ইসলাম বলেন, “সংবিধানের ৩৩ অনুচ্ছেদ ও ফৌজদারি কার্যবিধির নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার নিয়ম থাকলেও ‘আয়নাঘরে’ তা সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। দীর্ঘ সময় অবৈধ আটকে রাখা, গুম, অমানসিক নির্যাতন ও হত্যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের অধীনে মানবতাবিরোধী অপরাধের শামিল।”
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদেশে এই টিএফআই সেল পরিদর্শন পরিচালিত হয়। গুমের এই মামলায় ১৭ জন আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার থাকলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তারা এখনো পলাতক রয়েছেন। আদালত আগামী শনিবার ডিজিএফআই-এর নিয়ন্ত্রণাধীন কথিত ‘জেআইসি’ আয়নাঘর পরিদর্শনেরও নির্দেশ দিয়েছেন।



























