
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
হজ অফিস ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে বয়সজনিত জটিলতা ও অসুস্থতাকে দায়ী করা হচ্ছে।
বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সমন্বিত তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে গেছেন প্রায় ৭৩ হাজার ৯২৬ জন।
এছাড়া হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আরও শতাধিক কর্মকর্তা ও কর্মী রয়েছেন, যারা সার্বিক সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।
হজযাত্রী পরিবহনের জন্য এ বছর মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস মিলিয়ে এসব ফ্লাইটে যাত্রী পরিবহন সম্পন্ন হয়।
ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে এবং পুরো কার্যক্রম শেষ হবে ৩০ জুনের মধ্যে।
হজের পবিত্র এ সফরে একাধিক বাংলাদেশির মৃত্যুতে দেশে স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।


























