
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করে ভরি প্রতি সোনার দাম এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্য তালিকা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এতে করে দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার দাম প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
এর আগের দিন শুক্রবার বাজুস সোনার দাম কমিয়েছিল একই অঙ্কে। তবে একদিনের ব্যবধানে ফের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাজুস মোট ২৬ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। গত বছর দেশে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে কিন্তু আন্তর্জাতিক সূত্র বলছে স্বর্ণের দাম আবারও ৩ লাখে গিয়ে দাড়াতে পারে।






























