
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশের নারীসহ বিশ্বজুড়ে সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক-অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি দেশের উন্নয়ন আরও টেকসই ও শক্তিশালী হয়।
শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও অনেক ক্ষেত্রেই তারা রাষ্ট্র ও রাজনীতির মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত নয়। এই অবস্থার পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া সামগ্রিক উন্নয়নের পূর্ণ সুফল পাওয়া যায় না। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
তিনি বাণীতে উল্লেখ করেন, দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৯৪ সালে এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করা হয়।
তিনি আরও বলেন, মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে খালেদা জিয়ার সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল, যা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বর্তমান সরকারও নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি উল্লেখযোগ্য বলেও জানান তিনি। পাশাপাশি উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো, আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক বিভিন্ন কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নারীর নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনলাইন হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো অপরাধ মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে কাজ করতে পারবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতাও কামনা করেন তিনি।





























