
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মোট ১২৫ বার সময় পরিবর্তন হলো।
ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালত নতুন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ মে দিন নির্ধারণ করেছেন। নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হয়।
তদন্ত কর্মকর্তা আদালতে লিখিতভাবে জানান, মামলাটি একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। এতে একাধিক সংস্থা ও সদস্য যুক্ত থাকায় সমন্বয় করতে গিয়ে সময় বেশি লাগছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্ধারিত তারিখে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।
মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে গোয়েন্দা পুলিশ এবং এরপর র্যাবের কাছে তদন্তের দায়িত্ব যায়। দীর্ঘদিনেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় আদালতের নির্দেশে পরবর্তীতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়, যেখানে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তারা একসঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
দীর্ঘ সময় পার হলেও এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়ায় ন্যায়বিচার নিয়ে ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।



























