
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে এবং সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন ভেন্যু পরিদর্শন করছেন স্থানীয় নেতারা।
শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশে অংশগ্রহণ এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন।
প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেন। এর আগে শুক্রবার তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখননের নির্ধারিত স্থান ঘুরে দেখেন।
জানা গেছে, ঘোষেরহাট এলাকার খালটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। বর্তমানে সেটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সফরের সময় প্রধানমন্ত্রী নিজেই প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনরুদ্ধার করে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন এবং স্থানীয় অর্থনীতি সচল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।




























