
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, কেউ যদি মুক্তিযুদ্ধকে খাটো করার বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটবে।
বুধবার নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি। স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার বা বিকৃত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতাও দেশের জন্য ক্ষতিকর।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, গুম-খুন এবং রাজনৈতিক নিপীড়নের প্রেক্ষাপটে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের হাতেই থাকা উচিত। জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
সভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের কিছু বক্তব্য জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ.টি.এম. মোশারেফ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























