
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: যেখানে অনেক তরুণ-তরুণী অবসর সময় কাটান সামাজিক যোগাযোগমাধ্যমে, সেখানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার লাকসামের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত। মাত্র ৮ মাসের নিরলস প্রচেষ্টায় তিনি নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার পবিত্র কুরআন মাজিদ লিখে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তার হাতের লেখা এতটাই নিখুঁত যে, প্রথম দেখায় এটি ছাপা কুরআন নাকি হাতে লেখা, তা বোঝা কঠিন।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়ার এই অসাধারণ কৃতিত্ব এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে।
ক্লাসের ফাঁকে ফাঁকেই লিখেছেন পুরো কুরআন
সুরাইয়া জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি কুরআন লেখা শুরু করেন। নিয়মিত মাদ্রাসার ক্লাস ও নিজের পড়াশোনার ফাঁকে ফাঁকেই অত্যন্ত যত্ন ও সতর্কতার সঙ্গে লিখতে থাকেন। প্রায় ৬১১ পৃষ্ঠার এই কুরআন লিখতে তার সময় লাগে ৮ মাস। এ কাজে তিনি ব্যবহার করেছেন প্রায় ৫৫টি কলম।
তিনি বলেন, প্রতিবার লেখা শুরু করার আগে অজু করতেন এবং দরূদ শরিফ পাঠ করতেন, যেন আল্লাহ তাআলা এই কাজে বরকত দান করেন।
ফেসবুক নয়, বেছে নিয়েছেন কুরআনের সান্নিধ্য সুরাইয়া বলেন, “অন্যদের মতো ফেসবুক বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী (সা.)-এর শাফায়াত লাভের আশায় আমি কুরআন লিখতে শুরু করি।”
তিনি ভবিষ্যতে সহিহ বুখারিও নিজ হাতে লেখার ইচ্ছা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বাবার পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার, সুরাইয়ার এই অনন্য অর্জনে আনন্দিত হয়ে তার বাবা ১ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। তার মা জানান, ছোটবেলা থেকেই আরবি ভাষা ও সুন্দর হাতের লেখার প্রতি সুরাইয়ার বিশেষ আগ্রহ ছিল। তিনি চান, ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
সম্মাননা প্রদান
বৃহস্পতিবার (২ জুলাই) কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুরাইয়া জান্নাতকে সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের উপপরিচালক রাশেদা আক্তার, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “অল্প বয়সে নিজের হাতে ৩০ পারার পবিত্র কুরআন লিখে সুরাইয়া জান্নাত একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”




























