
আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা ডেস্ক: দেশের সব মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।
বোর্ড জানিয়েছে, দাপ্তরিক যোগাযোগ ও অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট সিম কার্ডটি নিয়মিত ব্যবহারযোগ্য অবস্থায় রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিমটি বন্ধ বা অচল থাকলে বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে।
এ ছাড়া অনলাইন সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানোর ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট সব মাদ্রাসার প্রধানকে দ্রুত ইআইআইএনভিত্তিক সিম কার্ডের কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
বোর্ডের দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ সচল রাখার স্বার্থেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।




























