আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনীর বন্দিশালার চরম প্রতিকূল ও নির্মম পরিবেশকে নিজের আত্মিক শক্তিতে জয় করেছেন ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণী। ইসরায়েলের কুখ্যাত ড্যামন কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজা হওয়ার এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন জানা ইহসান আবু ওয়ারদা।
ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিনের হেবরন এলাকা থেকে জানাকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। কারাগারে যাওয়ার আগেই তার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাবাসের কঠিন ও বন্দিদশার দিনগুলোতেও চর্চা অব্যাহত রেখে তিনি বাকি অংশটুকুও সম্পূর্ণ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের এক শুনানির সময় উপস্থিত সবার সামনে তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে এক অবিশ্বাস্য চমক সৃষ্টি করেন এবং উপস্থিত সবাইকে রীতিমতো বিস্মিত করেন।
হেবরনের জাহিরিয়া কলেজের শরিয়াহ বিভাগের এই মেধাবী শিক্ষার্থী কেবল নিজে কোরআন হেফজ করেই ক্ষান্ত হননি, বরং কারাগারে থাকা অন্যান্য ফিলিস্তিনি নারী বন্দিদেরও নিয়মিত কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন। খাবার সংকট, নানামুখী মানসিক নির্যাতন এবং পরিবার থেকে বিচ্ছিন্নতার মতো চরম প্রতিকূলতার মাঝেও তার এই অবিচল মনোবল ফিলিস্তিনি নারীদের সাহসিকতা ও অদম্য চেতনার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

