আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চলমান অস্থিরতার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে রয়েছেন?
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ তার এই পোস্টে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।
এর আগেও সাম্প্রতিক সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সমালোচনা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সম্প্রতি জানিয়েছেন যে দেশে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, গেল এক সপ্তাহে দেশের অন্তত ২১টি জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে; যার মধ্যে গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি। ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

