আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। একই সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তুলেছেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা তার স্বাক্ষরের সঙ্গে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের কোনো মিল নেই। তার দাবি, এর মাধ্যমে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার সঙ্গে সরাসরি আওয়ামী লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারেন না এবং তার সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও আজ পর্যন্ত কেউ প্রকাশ করেননি। এ অবস্থায় বলা যায়, তিনি ভারতে একপ্রকার গৃহবন্দি অবস্থায় আছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী তার পোস্টে উল্লেখ করেন, স্বাভাবিক অবস্থায় থাকলে শেখ হাসিনা নিজে গিয়েই এনআইডি ও পাসপোর্টের আবেদন করতে পারতেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাকে সেই সুযোগ দিতে পারে না। রাশেদ খাঁনের ভাষ্যমতে, ভারতে গৃহবন্দি শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা।
পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ করছে এবং এভাবে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে চাইছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতেও একই বিষয়ে আরেকটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি দাবি করেছিলেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি করে তিনি জানান, যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে।
রাশেদ খাঁন আরও লেখেন, একজন ব্যক্তির স্বাক্ষর একটিই হয় এবং এনআইডিতে স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই; পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে সব নথিতে বাংলায় স্বাক্ষর করতেন। কটাক্ষ করে তিনি লেখেন, চিঠি পাঠাতে গিয়ে স্বাক্ষর জালিয়াতির ক্ষেত্রে ম্যাট্রিক্স চেম্বার্স ভুল করেছে; তারা অন্তত একবার জেনে নিতে পারত যে তিনি বাংলায় নাকি ইংরেজিতে স্বাক্ষর করেন।

