আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ও ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ার পেছনে মূলত পাঁচটি প্রধান কারণ কাজ করছে। এগুলো হলো, মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম গড় বয়স, উচ্চ জন্মহার, মৃত্যুহার ও গড় আয়ুর ইতিবাচক পরিবর্তন, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে, যেখানে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। এর মাধ্যমে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ২০৭০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৮ শতাংশ হবে মুসলিম এবং খ্রিষ্টানদের অনুপাত দাঁড়াতে পারে ২৯ দশমিক ১ শতাংশে।
কম বয়সি জনগোষ্ঠী ও উচ্চ জন্মহার:
পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের গড় বয়স সবচেয়ে কম। ২০২০ সালের হিসাব অনুযায়ী, মোট মুসলিমের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ছিল ১৫ বছরের নিচে। আগামী কয়েক দশকেও এই তরুণ বয়সকাঠামো বজায় থাকবে। ফলে মুসলিম জনগোষ্ঠীতে সন্তান জন্মদানের বয়সি নারীর সংখ্যা বেশি থাকায় ভবিষ্যতে জন্মহারও বেশি থাকবে। গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১, যা খ্রিষ্টান নারীদের (২ দশমিক ৫) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
গড় আয়ু বৃদ্ধির প্রভাব:
মৃত্যুহার হ্রাস ও মানুষের গড় আয়ু বৃদ্ধিও জনসংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। পূর্বাভাস অনুযায়ী, সব ধর্মের মানুষের গড় আয়ু বাড়লেও মুসলিমদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে। মুসলিমদের গড় আয়ু ৬৮ বছর থেকে বেড়ে ৭৭ বছর হতে পারে, যেখানে খ্রিষ্টানদের গড় আয়ু ৭১ বছর থেকে বেড়ে ৭৭ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা:
ধর্মীয় পরিচয় পরিবর্তন বা ধর্মান্তরের বিষয়টিও সংখ্যাগত ব্যবধান তৈরিতে ভূমিকা রাখছে। গবেষণায় উঠে এসেছে, মুসলিম ও হিন্দুদের তুলনায় খ্রিষ্টানদের মধ্যে ধর্ম ত্যাগের প্রবণতা বেশি। তবে ভবিষ্যতে বিভিন্ন দেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী এই প্রবণতায় পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
অভিবাসনের ভূমিকা ও আঞ্চলিক চিত্র:
বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসন একটি বড় চালিকাশক্তি। পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০৭০ সালে ইউরোপের মোট জনসংখ্যার ১৩ শতাংশ হতে পারে মুসলিম; তবে অভিবাসন পুরোপুরি বন্ধ থাকলে এ হার হতো ৯ শতাংশ। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে অঞ্চলভেদে সম্ভাব্য পরিবর্তনের চিত্র নিচে তুলে ধরা হলো:
ইউরোপ: মুসলিম জনসংখ্যা ৭৬ শতাংশ বাড়তে পারে, বিপরীতে খ্রিষ্টান কমতে পারে প্রায় ৩৬ শতাংশ।
উত্তর আমেরিকা: মুসলিমদের সংখ্যা ২৩৬ শতাংশ বাড়তে পারে এবং খ্রিষ্টান কমতে পারে ২০ দশমিক ৮ শতাংশ।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: মুসলিম ১৩ শতাংশ বাড়তে পারে এবং খ্রিষ্টান ১ দশমিক ৩ শতাংশ কমতে পারে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে (২০২০ সালে ছিল ৯৪ শতাংশ) এবং খ্রিষ্টান ২ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২ দশমিক ৩ শতাংশ হতে পারে।
সাহারা-নিম্ন আফ্রিকা: মুসলিম ১৬৬ শতাংশ এবং খ্রিষ্টান ১২৮ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। ২০৭০ সালে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান এ অঞ্চলে বসবাস করবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: মুসলিম জনসংখ্যা ৫২ শতাংশ এবং খ্রিষ্টান ৮ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে।
পূর্বাভাস সম্পর্কে বিশেষজ্ঞদের মত:
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে জানান, এই পূর্বাভাস মূলত জনসংখ্যাগত পরিবর্তনের চিত্র, ব্যাপক ধর্মান্তরের নয়। কম গড় বয়স ও উচ্চ জন্মহারের কারণেই মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই পরিসংখ্যান তথ্যনির্ভর হলেও একে চূড়ান্ত বা অনিবার্য ভাবার সুযোগ নেই। ভবিষ্যতে যুদ্ধ, বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক পরিবর্তন এবং রাষ্ট্রীয় নীতির কারণে জনসংখ্যার এই গতিপ্রকৃতি বদলে যেতে পারে।

