আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এই সাময়িক শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না:
ঢাকা জেলা: ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর ও বারবাড়িয়া।
মানিকগঞ্জ জেলা: সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকা।
এ ছাড়া, নির্ধারিত সময়ে উল্লিখিত এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

